কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মো. মুতি মিয়া (৬১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৭ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমরাকান্দা-বেলাব রাস্তার মধ্য সালুয়া গ্রামের জনৈক ইউসুফ মিয়ার বাড়ির সামনে। নিহত মুতি মিয়া উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া পশ্চিম পাড়া গ্রামের গাবরু সরদারের বাড়ির মৃত মো. আমির চান মিয়ার পুত্র।
জানা যায়, নিহত মো. মুতি মিয়া মধ্য সালুয়া মোড়ের বাজার থেকে মাছ-সবজি কিনে ডুমরাকান্দা-বেলাব রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা বালু ভর্তি একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে বুকের হার ও হাত-পা ভেঙ্গে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন। চিকিৎসকের পরামর্শে ঢাকায় নিয়ে যাওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।
ট্রাক্টরের চালকের নাম মো. বকুল মিয়া। তার বাড়ি পার্শ্ববর্তী নরসিংদী জেলার বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরকাশিমনগর গ্রামে বলে জানা যায়। সে সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মো. রতন মিয়ার ট্রাক্টর চালাতেন।
স্থানীয়দের অভিযোগ, চালক মো. বকুল মিয়া একজন মাদকসেবী। সে মাদক সেবন করে মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় তার গাড়ির চাকার নীচে পিষ্ট হয়ে এর আগেও একজনকে জীবন দিতে হয়েছে।
মাদকসেবী জেনেও ওই চালককে দিয়ে গাড়ি চালানোর ফলে এ দুর্ঘটনাটি হওয়ায় দুর্ঘটনার জন্য বালু ব্যবসায়ী মো. রতন মিয়াকে দায়ী করেন এলাকাবাসী।
ঘটনার সংবাদ পেয়ে কুলিয়ারচর থানার এসআই মো. আলী আকবর ঘটনাস্থলে এসে মৃতের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ও বালু ভর্তি ট্রাক্টরটি উদ্ধার করে কুলিয়ারচর থানায় নিয়ে যায়।