মাত্র সপ্তাহখানেক আগেই পূর্বকণ্ঠ অনলাইন পত্রিকায় তরমুজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছিল। তখন তরমুজের দাম বলা হয়েছিল রোজার আগের দামের দ্বিগুণ। অর্থাৎ ১০০ টাকার তরমুজের দাম উঠে গেছে ২০০ টাকায়। আর এখন একই আকারের তরমুজের দাম হয়ে গেছে ৪০০ টাকা! অবশেষে আজ ২৭ এপ্রিল মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক ও জেলা কৃষি বিপনন কর্মকর্তা ফারজানা খানের নেতৃত্বে কিশোরগঞ্জ শহরের কয়েকটি ফলের আড়ত এবং দোকানে অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় স্টেশন রোডের মেসার্স নরসুন্দা ফল ভাণ্ডারকে ৬ হাজার টাকা, মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ৬ হাজার টাকা, মেসার্স সুমন এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা, কাচারিবাজার এলাকায় মেসার্স জামাল এন্টারপ্রাইজকে এক হাজার টাকা এবং জুমন মিয়ার দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে পুলিশের একটি দল সহায়তা করে।