ভৈরবে ১২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল। আজ ২৬ এপ্রিল সোমবার বেলা ১১টার দিকে পৌর শহরের বাগানবাড়ি নদীর পাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, গাজিপুর জেলা গাছা থানাধীন উত্তর খাইলকোর গ্রামের মোশাররফ মিয়ার স্ত্রী শাহনাজ (৩৮) ও একই এলাকার রাসেল মিয়ার স্ত্রী সালমা আক্তার (২৮)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব বাজার বাগানবাড়ি এলাকা থেকে সন্দেহের ভিত্তিতে মাদক পাচারকারী শাহনাজ ও সালমাকে আটক করা হয়। এ সময় নারী পুলিশ সদস্যকে দিয়ে তল্লাশী করে আটককৃতদের সাথে থাকা একটি ট্রলি ব্যাগ ও বাজারের ব্যাগ করে আনা সাতটি প্যাকেটে হতে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভৈরব সার্কেলের ইন্সপেক্টর সেন্টু রঞ্জন নাথ বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দু’জন ২০ হাজার টাকার বিনিময়ে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড থেকে গাঁজা বহন করে ঢাকায় পাচার করার উদ্দ্যেশ্যে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় আটক সালমা ও শাহনাজের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।