জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষদের মাঝে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। আজ ২৬ এপ্রিল সোমবার দুপুরে জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে গুচ্ছগ্রাম, আশ্রয়ণ প্রকল্প ও রেললাইনের বস্তির ৪০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেকের হাতে ৫ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি লবন, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু ও একটি করে মিষ্টি কুমড়া তুলে দেয়া হয়।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম মোস্তফা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. জহির আহমেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তাগণ বলেন, কেবল খাদ্য গ্রহণ করলেই চলবে না। পুষ্টিসম্মত খাদ্য গ্রহণের বিষয়ে সচেতন থাকতে হবে। পুষ্টি গুণসম্পন্ন খাবার গ্রহণ করলে মানুষের শরীর গঠনসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বিশেষ করে শিশুদের পুষ্টির বিষয়ে গুরুত্ব দেয়ার জন্য বক্তাগণ আহবান জানান।