কিশোরগঞ্জে করোনা পরিস্থিতি এখন ভয়াবহ। ১৩ উপজেলায় আজ ২২ এপ্রিল বৃহস্পতিবার চিকিৎসাধীন রোগি আছেন ৪০৯ জন। এর মধ্যে সদর উপজেলাতেই ১৯৫ জন, অর্থাৎ প্রায় অর্ধেক। তবে কয়েকদিন ধরে দৈনিক চিকিৎসাধীন রোগির সংখ্যা মন্থর লয়ে কমছে। আজ জেলার ৫টি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষায় ২৯ জন নতুন রোগি শনাক্ত হয়েছে। সুস্থও হয়েছেন ২৯ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ১২টি, পুরনো রোগির ১০টি এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা রোগির একটি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৭১টি নমুনা। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষায় নতুন ৪টি এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা রোগির ৩টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৭৭টি নমুনা। আর র্যাপিড এন্টিজেন পরীক্ষায় সদরের জেনারেল হাসপাতালের ১০৯টি, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৭টি ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২টি নমুনার মধ্যে ১৩টি পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১০২টি নমুনা। নতুন রোগিদের মধ্যে আছেন সদরে ১৭ জন, ভৈরবে ৫ জন, কটিয়াদীতে ৩ জন, আর করিমগঞ্জ, পাকুন্দিয়া, নিকলী ও বাজিতপুরে একজন করে। আজ সুস্থ হয়েছেন সদরে ১১ জন, ভৈরবে ৮ জন, অষ্টগ্রামে ৪ জন, আর করিমগঞ্জ ও পাকুন্দিয়ায় ৩ জন করে। ফলে আজ জেলায় চিকিৎসাধীন আছেন ৪০৯ জন।
আজ উপজেলাওয়ারি চিকিৎসাধীন রোগি আছেন সদরে ১৯৫ জন, ভৈরবে ৬০ জন, কটিয়াদীতে ৩২ জন, পাকুন্দিয়ায় ২৯ জন, বাজিতপুরে ২৪ জন, কুলিয়ারচরে ১৭ জন, হোসেনপুরে ১৫ জন, মিঠামইনে ১৩ জন, করিমগঞ্জে ৮ জন, তাড়াইলে ৭ জন, নিকলীতে ৪ জন, অষ্টগ্রামে ৪ জন এবং ইটনায় একজন। আজ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছিলেন মোট ৪ হাজার ৪১৪ জন, সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৯৩০ জন, আর মারা গেছেন ৭৫ জন। আজ পর্যন্ত জেলায় সুস্থতার হার শতকরা ৮৯ দশমিক ০৩ ভাগ। আর মৃত্যুহার শতকরা এক দশমিক ৭০ ভাগ। তবে ফেব্রুয়ারির প্রথম দিকে সুস্থতার হার ৯৮ ভাগে উঠে গিয়েছিল।
আজ পর্যন্ত জেলায় টিকার জন্য নিবন্ধন করেছেন মোট এক লাখ ২৬ হাজার ৭০৭ জন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৭৬ হাজার ১৪১ জন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৭ হাজার ৮৪১ জন। তবে জনগণের মাঝে টিকা গ্রহণের আগ্রহ বাড়ানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তথ্য অফিসের মাধ্যমে বিভিন্ন উপজেলায় মাইকে প্রচারণা আব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগও তাদের মত করে ক্যাম্পেইন অব্যাহত রেখেছে।