চলমান লকডাউন পরিস্থিতিতে কিশোরগঞ্জে ১১৫ জন কর্মহীন অসহায় মানুষের মাঝে জেলা প্রশাসনের তহবিল থেকে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। আজ ২২ এপ্রিল বৃহস্পতিবার সকালে শহরের সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেককে ৫ কেজি চাল, দুই লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি লবন, দুই কেজি আলু ও একটি করে মিষ্টি কুমড়া প্রদান করা হয়। ট্রাফিকিংয়ে দায়িত্বরত আউসোর্সিং কর্মি, ছোট চায়ের দোকানি, দিনমজুর ও অটো চালকদের এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমান পরিস্থিতিতে কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি কাউকে না খেয়ে থাকতে দেবেন না। গতবছর যেমন কেউ করোনা পরিস্থিতিতে অন্তত না খেয়ে মারা যায়নি, এবারও প্রধানমন্ত্রী কাউকে না খেয়ে মরতে দেবেন না। তারা সবাইকে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।