কিশোরগঞ্জে বোরো ধান কাটার উৎসব শুরু হয়েছে। এবারের করোনা পরিস্থিতিতে অন্য জেলার ধান কাটা শ্রমিকরা এখনো খুব বেশি আসার সুযোগ পাননি। তবে হাওরের কৃষক পরিবারগুলোর যেসব সদস্য রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন, তারা লকডাউনের কারণে এখন যার যার এলাকায় অবস্থান করছেন। এরা এখন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। এছাড়া সরকার ৭০ ভাগ ভর্তুকি মূল্যে হাওরের কৃষকদের মাঝে কম্বাইন হার্ভেস্টার বিতরণ করায় স্বল্প সময়ে অধিক পরিমাণ ধান কাটার সুযোগ হয়েছে। কৃষক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দও বুধবার করিমগঞ্জের সুতারপাড়া ইউনিয়নের গেরাজুরের হাওরে ধান কাটা উৎসবের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম এমপি এলাকার কৃষক জালাল মিয়ার জমির ধান কেটে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন। এসময় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় সদস্য জেলা কমিটর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কেন্দ্রীয় সদস্য আক্তারুজ্জামান শিপু, জেলা কমিটির সভাপতি আহমেদ উল্লাহ প্রমুখ ধান কাটায় অংশ নেন।
কিশোরগঞ্জে এবার এক লাখ ৬৬ হাজার ৯৫০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর প্রায় দুই-তৃতীয়াংশই আবাদ হয়েছে হাওর এলাকায়। হাওরের বিশেষ ভূ-প্রাকৃতিক বৈশিষ্টের কারণে প্রায়ই ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ি ঢলের কারণে আগাম বন্যায় কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার আর নেত্রকোনার হাওরের বোরো ধান তলিয়ে যায়। আর সেই কারণেই বেশ কয়েক বছর যাবত হাওরে প্রধানত আগাম জাতের ব্রিধান-২৮ আবাদ করা হয়। আর এখন এই ধানই কাটা হচ্ছে। তবে গত বছর করোনা পরিস্থিতির কারণে বাইরের জেলার শ্রমিকের ঘাটতি পূরণের জন্য বহু কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়েছিল। এবারও বিতরণ করা হয়েছে। এখন হাওর অধ্যুষিত উপজেলা ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী, করিমগঞ্জ, বাজিতপুর, কুলিয়ারচর, তাড়াইলসহ বিভিন্ন নিচু এলাকার ব্রিধান-২৮ জমির ধান কাটা হচ্ছে।
গত ৪ এপ্রিল জেলার বিভিন্ন এলাকায় গরম বাতাসের কারণে ব্রিধান-২৯ জমির পরাগায়ন ব্যাহত হয়ে অনেক জমির ধান চিটা হয়ে কিছুটা ক্ষতি হলেও অন্যান্য জমিতে বাম্পার ফলন হয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। এখন বৃষ্টি না থাকায় জমির ধান শুকাতেও সুবিধা হচ্ছে। আগাম বন্যায় যেন কোন ক্ষতি না হয়, সেই কারণে পাকা ধান দ্রুত কাটার জন্য জনপ্রতিনিধি, প্রশাসন ও কৃষি বিভাগসহ সকল মহল থেকেই সহযোগিতা করা হচ্ছে। অন্যান্য জেলা থেকে শ্রমিক আনার জন্য পরিবহন ব্যবস্থারও প্রস্তুতি রাখা আছে বলে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম একটি সভায় জানিয়েছিলেন। এখন পর্যন্ত প্রায় ২৫ ভাগ ধান কাটা সম্পন্ন হয়ে গেছে বলে জানা গেছে।