ভৈরবে সহিংসতা ঠেকাতে রেলওয়ে থানায় এলএমজি চৌকি স্থাপন করা হয়েছে। ২১ এপ্রিল বুধবার সকালে ভৈরব রেলওয়ে জংশন স্টেশন এলাকায় এ চৌকি স্থাপন করা হয়।
জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসাকে কেন্দ্র করে সারাদেশে হেফাজত ইসলামী সংগঠনের বিক্ষোভ সমাবেশ করে। এতে করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ৩ দিন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তাণ্ডব চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সারাদেশে বিভিন্ন জায়গায় এই তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তবে কঠোর লকডাউনের কারণে হেফাজত আন্দোলন বন্ধ থাকলেও সরকার সারাদেশেই কঠোরভাবে তা নিয়ন্ত্রণে বিভিন্নভাবে কাজ করছে। হেফাজত সহিংসতা এড়াতে ভৈরব রেলওয়ে থানায় এলএমজি চৌকি স্থাপনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই নিরাপত্তার অংশ হিসেবে রেলওয়ে থানার ছাদে এলএমজি এবং মেশিনগানসহ ভারী অস্ত্র বসিয়ে বালু, সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ চৌকি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রেলওয়ে থানায় পুলিশ সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। এসব চৌকিতে দায়িত্ব পালন করছে পুলিশ সদস্যরা।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ ফেরদৌস হায়দার জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এলএমজি দিয়ে ছাদে নিরাপত্তা বেষ্টনী বসানো হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এভাবেই এলএমজি চৌকির মাধ্যমে পুলিশ দায়িত্ব পালন করবে। তিনি আরো বলেন, দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করেই এই নির্দেশনা দিয়েছেন কর্তৃপক্ষ। থানায় ডিউটিতেও পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। রেলওয়ে স্টেশনের নিরাপত্তার ব্যবস্থাও জোরদার করা হয়েছে।