ভৈরবে সরকারি নির্দেশনা অমান্য করে চলাফেরা ও লকডাউন অমান্য করে দোকান-পাট খোলা রাখায় পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আজ ২০ এপ্রিল মঙ্গলবার ভৈরব বাজার, পৌর শহরের স্টেডিয়াম পাড়া ও চণ্ডিবের এলাকায় এই জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা।
জানা যায়, চলছে দ্বিতীয় দফায় করোনা মোকাবেলায় সারাদেশে কঠোর লকডাউন। ৫ এপ্রিল থেকে শুরু হয় লকডাউন। তবে তা তেমন কঠোর ছিল না। ১৩ এপ্রিল থেকে ৭ দিন কঠোর লকডাউন দেয়ার পর আবার ২১ এপ্রিল বুধবার থেকে আরো সাতদিন কঠোর লকডাউন ঘোষনা করেছে সরকার। এই নির্দেশনা অমান্য করে ভৈরব বাজারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় তিন দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
অপর দিকে কোভিড-১৯ প্রতিরোধে সরকারের ১৮ দফা নির্দেশনার অংশ হিসেবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলাসহ অন্যান্য সকল নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে পৌর শহরের স্টেডিয়াম পাড়া ও চণ্ডিবের এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ জনকে ২ হাজার ৭শ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, মাস্কবিহীন চলাচল ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৬ জনকে ২ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে। নিয়মিত এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিঁনি।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্য ভৈরব মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন। দিন দিন ভৈরবে করোনা আক্রান্তের সংখ্যা বিপুল হারে বাড়ছে। করোনা প্রতিরোধে সারাদেশে লকডাউন চলছে। এই লকডাউন অমান্য করে ভৈরব বাজারে দোকান খোলা রাখায় তিন প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।