কিশোরগঞ্জের ভৈরবে চার কেজি গাঁজাসহ সাজেদা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নারীকে আটক করেছে ভৈরব শহর ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা পৌনে বারটার সময় ভৈরব বাজারস্থ জামে মসজিদ রোড থেকে তাকে আটক করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা এলাকার রাজাপুর গ্রামের মাদক ব্যবসায়ী মিন্টু মিয়ার স্ত্রী।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্যামল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা পৌনে বারটার সময় ভৈরব বাজারস্থ জামে মসজিদ রোড থেকে তাকে আটক করা হয়। এই সময় আটককৃত নারীর সাথে থাকা একটি স্কুল ব্যাগ থেকে দুটি পোটলায় চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া তিনি আরো বলেন, সে স্কুল ব্যাগের ভেতরে কৌশলে গাঁজা রেখে পাচার করতে আসছিল বলে পুলিশের কাছে স্বীকার করে। এ ব্যপারে আটককৃত নারীর বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।