চলমান করোনা পরিস্থিতিতে লকডাউনে কর্মহীন অসহায় মানুষদের মাঝে জেলা প্রশাসন নিজস্ব উদ্যোগে খাদ্য সহায়তা সামগ্রি বিতরণ করেছে। আজ ২০ এপ্রিল মঙ্গলবার সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম মোস্তফাসহ অন্যান্য কর্মকর্তাগণ ১২০ জন গণপরিবহন শ্রমিক ও দোকান কর্মচারীর মাঝে খাদ্য সহায়তা সামগ্রি বিতরণ করেন। প্রত্যেককে ৫ কেজি চাল, দুই লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি লবন, দুই কেজি আলু ও একটি করে মিষ্টি কুমড়া দেয়া হয়েছে। এসময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সরকারী সহায়তা আসলে বিভিন্ন শ্রেণী-পেশার কর্মহীন মানুষের মাঝে আরো খাদ্য সহায়তা প্রদান করা হবে। এছাড়া সরকার প্রত্যেক পৌরসভাকে ত্রাণ সহায়তা বাবদ আড়াই লাখ করে টাকা দিয়েছে। এর পাশাপাশি ভিজিএফ কর্মসূচীও চালানো হবে বলে তিনি জানান।