চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ শ্রমিক হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করতে গেলে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। আজ ১৯ এপ্রিল সোমবার বেলা ১১টায় জোটের নেতা কর্মীরা শহরে মিছিল করে ইসলামিয়া মার্কেট প্রাঙ্গনে মানববন্ধনে অংশ নিয়ে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হতাহতের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন। মানববন্ধনের এক পর্যায়ে পুলিশ গিয়ে লকডাউনে এ ধরনের কর্মসূচী বন্ধ করার জন্য বাধা প্রদান করলে কিছুক্ষণ উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর নেতাকর্মীরা মানববন্ধন সমাপ্ত করতে বাধ্য হন। তারা শ্রমিক হত্যার প্রতিবাদে গৃহীত এই কর্মসূচীতে পুলিশের বাধা প্রদানের নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন। মানববন্ধনে বক্তৃতা করেন, জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা বাসদ সমন্বয়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল ইসলাম শাহজাহান, জেলা বাসদ (মার্ক্সবাদী) নেতা আলাল মিয়া প্রমুখ।