কিশোরগঞ্জে করোনায় আরো দু’জন মারা গেলেন। এ নিয়ে জেলায় মোট ৭৫ জনের মৃত্যু হলো। তিনটি ল্যাবে নতুন ১২ জনের করোনা ধরা পড়েছে, আর সুস্থ হয়েছেন ৯ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কটিয়াদী এবং করিমগঞ্জ উপজেলার দু’জনের করোনা শনাক্ত হয়েছিল ১৪ এপ্রিল। কটিয়াদীর ৬৫ বছরের পুরুষ রোগিটি ১৫ এপ্রিল সকালে সৈয়দ নজরুল হাসপাতালে মারা গেছেন। আর করিমগঞ্জের ৫৫ বছরের মহিলা রোগি ১৬ এপ্রিল দুপুরে সৈয়দ নজরুল হাসপাতালে মারা গেছেন। আর ১৭ এপ্রিল সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৮৩টি নমুনা পরীক্ষায় ৭টি পজিটিভ, পুরনো দুই রোগির নমুনাও পুনরায় পজিটিভ এবং ৭৪টি নমুনা নেগেটিভ হয়েছে। আর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৪৮টি নমুনা পরীক্ষায় দু’টি পজিটিভ এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৪৫টি নমুনা। অন্যদিকে শহরের জেনারেল হাসপাতালে রেপিড এন্টিজেন পরীক্ষায় ৯টি নমুনার মধ্যে ৩টি পজিটিভ আর ৬টি নেগেটিভ হয়েছে। নতুন রোগিদের মধ্যে আছেন সদরে ১০ জন, কটিয়াদী ও নিকলীতে একজন করে। ১৭ এপ্রিল সুস্থ হয়েছেন সদরে ৭ জন আর পাকুন্দিয়ায় ২ জন। ফলে আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৪২০ জন।
১৭ এপ্রিল পর্যন্ত করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন এক লাখ ২৫ হাজার ৬৪৬ জন। প্রথম ডোজ নিয়েছেন মোট ৭৫ হাজার ২৩৭ জন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৭ হাজার ৯৯৬ জন।