কিশোরগঞ্জের কুলিয়ারচরে শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে এক গ্রামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় মো. লিটন মিয়া (৪০) নামে এক অটোচালক খুন হয়েছে। আহত হয়েছে নিহতের ছেলেসহ ৫ জন। ঘটনাটি ঘটেছে ১৭ এপ্রিল শনিবার সকাল ৬টার দিকে উপজেলার কুলিয়ারচর মধ্য লালপুর গ্রামে।
নিহতের ছেলে মো. রাকিব (২০) জানান, পহেলা রমজানের দিন পার্শ্ববর্তী ভৈরব উপজেলার মিরারচর (উমরাবাড়ি) আমার নানার বাড়ির মো. শামীম মিয়ার ৭ বছরের ছেলে সাব্বির ঈদগাহ মাঠের আম গাছ থেকে আম পাড়ার জন্য গাছে ঢিল ছুঁড়লে, সেই ঢিল গিয়ে পাশ্ববর্তী বাড়ির মেরছি মিয়ার নাতি মুরছালিন (৫) এর কপালে লাগে। এতে মেরছি মিয়ার বাড়ির লোকজন ক্ষুব্ধ হয়ে শামীম মিয়াকে মারধোরসহ বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর করে এবং খুন জখমের হুমকি দেয়। এ নিয়ে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী শনিবার বিকাল ৩টার দিকে এলাকায় একটি শালিশের আয়োজন করা হয়। প্রতিপক্ষ মেরছি মিয়াদের ভয়ে ১৬ এপ্রিল শুক্রবার রাতে শামীম মিয়া ও তার ভাই বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে আশ্রয় নেয়। পরে শালিশের আগেই ভৈরব উপজেলার মিরাচর ওমরা বাড়ির আব্দুস সাত্তারের ছেলে মেরছি মিয়া (৪৮), রুপা গাজীর ছেলে আতিকুল (৪২) ও আলমগীর (৪৪) সহ অর্ধশতাধিক লোক দেশীয় অস্ত্রাদী নিয়ে শনিবার ভোর ৬টার দিকে আমাদের বাড়িতে অতর্কিত হামলা করে। এ সময় আমার বাবা বিভার্টেক চালক লিটন মিয়া তার বিভার্টেকটি হামলাকারীদের ভাঙচুর থেকে রক্ষা করতে একটি নিরাপদ স্থানে রেখে বাড়িতে ফিরে আসার পথে সেলিম মিয়ার বাড়ির আঙ্গিনায় আসার সাথে সাথে হামলাকারীরা তাকে পথরোধ করে মারধোর শুরু করে। আমার পিতা প্রাণে বাঁচার জন্য হামলাকারীদের কাছে প্রাণ ভিক্ষা চাইলেও হামলাকারীদের নিষ্ঠুরতা থেকে রক্ষা পায়নি বাবা। প্রতিপক্ষের ধারালো দায়ের আঘাতে রক্তক্ষরণ হয়ে মাটিতে ঢলে পরে ঘটনাস্থলেই মারা যায় তিনি। এ সময় হামলাকারীরা ইদ্রিস মিয়া, মঞ্জিল মিয়া, শামীম মিয়া, অহিদ মিয়া, জিলানী ও আকবর আলীর বসত ঘর ভাঙচুর ও লুটপাট করে। হামলায় শামীম (৩৫), রাকিব (২০), সাদেক (৪৫), মিজান (৩২) ও জুয়েল (২৮)সহ ৫ জন আহত হয়।
খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও নিহত লিটনের লাশ উদ্ধার করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। খবর পেয়ে ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজওয়ান দীপু, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদ, ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় কুলিয়ারচর থানায় একটি মামলা প্রস্তুতি চলছে।