ভৈরবে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে একই পক্ষের দুইজন নিহত হয়েছেন। উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া ও খলাপাড়া গ্রামে ১৭ এপ্রিল শনিবার সকালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, শেখ বংশের পাভেল মিয়া ও মুকবুল হোসেন। এছাড়াও ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ১৬ এপ্রিল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের চণ্ডিবের খাঁ বাড়ির ফারুক খাঁন নামে একজন নিহত হয়েছেন এবং ১৭ এপ্রিল শনিবার সকালে ভৈরব উপজেলার গাজীরটেক এলাকা থেকে শরীফ মিয়া নামে আরও একজনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইকারীদের হাতে দুইজন এবং সংঘর্ষে দুইজনসহ চার হত্যাকাণ্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়ার গ্রামের শেখ বংশের সঙ্গে একই গ্রামের শিকদার বংশের লোকজনের সকাল নয়টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে শেখ বংশের পাভেল মিয়া নামে এক যুবক নিহত হয়। পরে দুপুর ১২টার দিকে ফের লুন্দিয়া গ্রামে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় প্রতিপক্ষের টেটাঁবিদ্ধ হয়ে শেখ বংশের মুকবুল হোসেন নামে আরও এক যুবক নিহত হয়। এছাড়াও সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। শেখ বংশের নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শেখ আক্কাছ মিয়া আর শিকদার বংশের নেতৃত্ব দিচ্ছেন সাবেক ইউপি সদস্য আব্দুল আওয়াল ওরফে মাঞ্জু মেম্বার।
শেখ আক্কাছ মিয়ার পক্ষের লোকজনের দাবী, লুন্দিয়া এবং খলাপাড়া গ্রামে শিকদার বংশের মাঞ্জু মেম্বারের লোকজন এলাকায় দীর্ঘ দিন আধিপত্য বিস্তার করে আসছে। ফলে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে খলাপাড়া শেখ বংশের লোকজনের সঙ্গে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে সকাল নয়টার দিকে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের আঘাতে শেখ বংশের শেখ মোতালিব মিয়ার ছেলে শেখ মুকবুল হোসেন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক মৃত বলে ঘোষণা করেন। দুপুর ১২টার দিকে লুন্দিয়া গ্রামের শেখ বংশের লোকজনের সঙ্গে শিকদার বংশের লোকজনের সংঘর্ষ হয়। এসময় পাগলা বাড়ি এবং ম্যানা বাড়ির লোকজন শিকদার বংশের সঙ্গে যোগ দেয়। ফলে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে। এতে শেখ বংশের শেখ আব্দুল খালেক মিয়ার ছেলে পাভেল মিয়া নামে আরও এক যুবক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক মৃত বলে ঘোষণা করেন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়।
এদিকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের চণ্ডিবের খাঁ বাড়ির ফারুক খাঁন নামে একজন নিহত হয়েছেন। নিহত ফারুক খাঁ সৈয়দ নজরুল ইসলাম সড়কের টোল প্লাজার ৫শ গজ সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। তিনি আশুগঞ্জ থেকে পায়ে হেঁটে অসুস্থ মাকে দেখতে কমস্থল থেকে ভৈরবে বাড়িতে আসার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারান।
এছাড়াও শনিবার সকালে গাজীরটেক এলাকা থেকে অটোরিকশা চালক শরীফ মিয়া নামে আরও একজনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র ২০ ঘণ্টায় ছিনতাইকারীদের হাতে দুইজন এবং সংঘর্ষে দুইজনসহ চার হত্যাকাণ্ডে ভৈরবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন পুলিশ। সংঘর্ষে একই পক্ষের দুইজন নিহত এবং ছিনতাইকারীদের হাতে দুইজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি তদন্ত মাহফুজ হাসান সিদ্দিকি।
এ প্রসঙ্গে ভৈরব থানার ওসি মো. শাহিন মুঠোফোনে জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ও শান্ত আছে। তাছাড়া পৃথক ঘটনায় চার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে অপরাধীদের ধরতে পুলিশের অভিযান চলছে।