ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো অর্ধশতাধিক। আজ ১৭ এপ্রিল শনিবার সকাল ৯টার দিকে খলাপাড়া গ্রামে অস্থায়ী খোলায় ধান মাড়াইকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে নিহতরা হলেন, খলাপাড়া গ্রামের মৃত শেখ মোতালিব মিয়ার ছেলে মকবুল মিয়া (৪০) ও একই বংশের লুন্দিয়া গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে পাভেল (২২)। গুরুতর আহত ৯ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এতে ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলো, আবু তাহেরের ছেলে ইকবাল (৩০), ধন মিয়ার ছেলে খাইরুল (৩৬), আব্দুর রউফের স্ত্রী বিপাশা (২৫), সংঘর্ষে নিহত মকবুলের স্ত্রী শেফালী (৩০), শহীদ মিয়ার ছেলে হৃদয় (২৪), ইদ্রিস মিয়ার ছেলে খাইরুল (২৪), নজরুল ইসলামের ছেলে মুছা (২৪), উসমান মিয়ার ছেলে শিবলী (৩৫), মজনু মিয়ার ছেলে কালা মিয়া (৩০)। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বর্তমানে ভৈরব থানা পুলিশ ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ ২ বছর যাবত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেখ বাড়ির সাথে সিকদার বাড়ির লোকজনের ছোট খাট সংঘর্ষ লেগেই আছে। আজ ১৭ এপ্রিল শনিবার সকালে ধান মাড়াইকে কেন্দ্র করে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়া গ্রামে শেখ বাড়ির সাথে সিকদার বাড়ির মঞ্জু মেম্বারের সমর্থকদের সংঘর্ষ বাধে। এতে শেখ বাড়ির শেখ মোতালিব মিয়ার ছেলে শেখ মকবুল হোসেন নিহত হয়। সংঘর্ষে লুন্দিয়া এলাকার শেখ বাড়ির লোকজন খলাপাড়া ঝগড়ায় জড়িত হলে ঝগড়া শেষে বাড়ি ফেরার পথে লুন্দিয়া গ্রামের শেখ বাড়ির লোকজনদের উপর বেলা ১২টার দিকে পাগলা বাড়ির লোকজন সিকদার বাড়ির পক্ষ নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে। হামলায় শেখ খালেক মিয়ার ছেলে শেখ পাভেল নিহত হয়। নিহত পাভেল ও মকবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।