অবশেষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সেই মাদক ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা মো. দুলাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ এপ্রিল শুক্রবার দুপুর আড়াইটার দিকে থানার এসআই কাজী রাকিবের নেতৃত্বে এএসআই শাহাদাত ও গ্রাম পুলিশ লিটন চন্দ্র বিশ্বাস অভিযান চালিয়ে ওই নেতাকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে।
জানা যায়, পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন ১৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার এসআই কাজী রাকিব ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ফরিদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র স্থানীয় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়ার (৪৫) বসত ঘর থেকে দুই বস্তাভর্তি প্রতি বস্তায় পলিথিন এর ভিতর প্যাকেট করা ১ লিটারের ১০টি করে মোট ২০ লিটার চোলাই মদ উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা মো. দুলাল মিয়া দৌঁড়ে পালিয়ে যায়। অবশেষে শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার চোলাই মদ উদ্ধারের আধাঘণ্টা আগে স্থানীয় এক কসাই মদের বস্তাগুলো ওই মাদক ব্যবসায়ীর নিকট বুঝিয়ে দিয়ে যায়। তাকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।