ভৈরব উপজেলার ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ ১২ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসফিয়া সুলতান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া বলেন, আউশ ধানের উৎপাদন বৃদ্ধি করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আমাদের বিনামূল্যে বীজ ও সার দিয়েছেন। আপনারা এই বীজ ও সার নিয়ে সময়মতো যত্ন সহকারে তা রোপন করবেন। যাতে ভাল ফলন পাওয়া যায়। আর এই করোনা মহামারিতে সবাই স্বাস্থ্য সচেতন থাকবেন। নিজেরাও সব সময় মাস্ক পড়বেন এবং পরিবারের সবাইকে মাস্ক ব্যবহারে সচেতন করবেন। নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন।
কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভৈরব পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নের ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। একেক জন চাষীদের ৫ কেজি বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সময়মতো এ বীজ ও সার ব্যবহারে আউশ ধানের উৎপাদন লক্ষ্য মাত্রা ছাড়াবে। আবহাওয়া অনুকুলে থাকলে আউশ ধান আবাদ করে কৃষকরা লাভবান হতে পারবেন।