কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১১ বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকার করে গ্রেফতার হয়ে একই মাদ্রাসার শিক্ষক ও হেফাজত নেতা মুফতি ইয়াকুব আলী (৩৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। এই লম্পট মুফতি বিবাহিত এবং সন্তানের বাবা বলে পুলিশ জানিয়েছে। ইয়াকুব আলী কুলিয়ারচরের ওসমানপুরের সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল কাদিরের ছেলে।
যৌন নির্যাতনের শিকার ছাত্রটির বাবার দায়ের করা মামলার বয়ানে জানা যায়, কুলিয়ারচরের বড়খাঁরচর আদর্শ নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ইয়াকুব আলী গত ২ এপ্রিল গভীর রাতে মাদ্রাসার আবাসিক ছাত্রটিকে ঘুম থেকে ডেকে নিয়ে বলাৎকার করার পর কোরআন স্পর্শ করিয়ে এ ঘটনা কাউকে না বলার জন্য কসম কাটান। কিন্তু ছাত্রটি বাড়িতে গিয়ে পরিবারকে ঘটনা জানালে তার বাবা ৭ এপ্রিল কুলিয়ারচর থানায় ইয়াকুব আলীকে আসামী করে মামলা (মামলা নং ৪) দায়ের করেন। এরপর থেকে ইয়াকুব আলী পলাতক ছিলেন। থানার এসআই আবুল কালাম আজাদ অন্য একজনকে দিয়ে তারাবির নামাজের ইমামতির চাকরির ফাঁদ তৈরি করে তথ্য প্রযুক্তির সহায়তায় ইয়াকুব আলীর অবস্থান শনাক্ত করেন। এরপর গতকাল ১১ এপ্রিল রোববার দুপুরে তাড়াইলের সেকান্দরনগর গ্রামে ইয়াকুব আলীর ভায়রা আবুল হাসেমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। রোববার সন্ধ্যায় ইয়াকুব আলীকে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের খাস কামরায় নিয়ে গেলে তিনি ১৬৪ ধারায় বলাৎকারের কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। এরপরই তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। এসআই আবুল কালাম আজাদ জানিয়েছেন, মুফতি ইয়াকুব আলী বিবাহিত এবং তার সন্তানও রয়েছে।