• রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

মেঘনা নদীপথের শীর্ষ নৌ ডাকাত ধীরা নৌ পুলিশের হাতে গ্রেপ্তার

# মিলাদ হোসেন অপু :-
মেঘনা নদীপথের শীর্ষ নৌ ডাকাত দ্বীন ইসলাম ওরফে ধীরা (৫০) কে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জের ভৈরব নৌ থানা পুলিশ সদস্যরা। ২৪ মে রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর কাছ থেকে নৌ ডাকাতির ১ লক্ষ ৭০ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব নৌ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান।
গ্রেপ্তারকৃত নৌ ডাকাত ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চরচারতলা পূর্ব পাড়া এলাকার মৃত মগল সরকারের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৬ মে ভোর সোয়া পাঁচটার দিকে এন এম ব্রাদার্স নামে এক বাদাম ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবস্থাপকসহ ১০ জন কর্মচারীকে নিয়ে তারা ভৈরব বাজার ঘাট থেকে নৌকায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাইশমৌজা বাজারের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৬টার দিকে তাদের নৌকাটি ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকায় পৌঁছলে ইঞ্জিনচালিত আরেকটি নৌকায় করে একদল ডাকাত এসে তাদের উপর হামলা চালায়। ডাকাত দলেরা নৌকায় উঠে অস্ত্রের মুখে ব্যবসায়ীদের জিম্মি করে তাদের সাথে থাকা বস্তায় রাখা ৩৫ লক্ষ টাকা লুট করে নিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ভৈরব নৌ থানার পুলিশ স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাঝনদী থেকে ভুক্তভোগী ব্যবসায়ীদের উদ্ধার করে ভৈরবে নিয়ে আসেন। এ ঘটনায় ওই দিন দুপুরে নৌ থানায় অজ্ঞাত একাধিক আসামি করে ডাকাতি মামলা দায়ের করেন ভৈরব বাজারের এন এম ব্রাদার্স ব্যবসা প্রতিষ্ঠানের মালিক শামীম আহমেদ। মামলার ১ সপ্তাহ পর নৌ থানা পুলিশ ২৪ মে সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার আশুগঞ্জ বাজার এলাকা থেকে শীর্ষ নৌ ডাকাত দ্বীন ইসলাম ওরফে ধীরাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ভৈরব নৌ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দ্বীন ইসলাম ওরফে ধীরা মেঘনা নৌ পথের শীর্ষ ডাকাত। তাঁর নেতৃত্বে নদীপথে নৌ ডাকাতি পরিচালনা করা হয়। ১৬ মে ভৈরবে বাদাম ব্যবসায়ীর প্রায় ৩৫ লক্ষ টাকা ডাকাতি করে এই ডাকাত চক্র। গ্রেপ্তারের পর দ্বীন ইসলাম ওরফে ধীরার কাছ থেকে ডাকাতির ২ লক্ষ ৭০ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির কথা ধীরা স্বীকার করেছে। তাঁর সহযোগীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামি দ্বীন ইসলাম ওরফে ধীরাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *