# মোস্তফা কামাল :-
কোরবানির ঈদ আরও পাঁচদিন দূরে। কোরবানিদাতারা এখনই গরু কিনলে তাদের পক্ষে লালন করা কঠিন। যে কারণে কিশোরগঞ্জের বিভিন্ন গরুর হাটে এখনও কোরবানিদাতার ভাল উপস্থিতি দেখা যাচ্ছে না। তবে পাইকারদের বেশ তৎপরতা দেখা গেছে। তারা গ্রামীণ বিভিন্ন হাট থেকে তুলনামূলক সস্তায় গরু কিনে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন বড় বড় শহরে নিয়ে চড়া দামে বিক্রি করবেন। শুক্রবার সদর উপজেলার সবচেয়ে বড় গরুর হাট শোলাকিয়া ইচ্ছাগঞ্জ গরুর হাটে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান জানিয়েছেন, জেলায় স্থায়ী পশুর হাট রয়েছে ১১০টি। কোরবানির সময় বহু অস্থায়ী হাটও বসে। এবার জেলার ৫৩৩টি খামার ও কৃষকের বাড়িতে কোরবানির জন্য ৯৭ হাজার ২৮৭টি গরু, তিন হাজার ৮৩৬টি মহিষ, ৮৪ হাজার ৯৪৩টি ছাগল ও পাঁচ হাজার ২৯৮টি ভেড়া লালন করা হয়েছে বলেও ডা. আব্দুল মান্নান জানিয়েছেন।
শোলাকিয়া হাটে গিয়ে দেখা গেছে, পৌরসভার সার্ভেয়ার রোকন উদ্দিন মাইকে ঘোষণা দিয়ে হাসিল আদায়ের জন্য পৌরসভার কর্মীদের নির্দেশনা দিচ্ছেন। হাসিল ঘরে গিয়ে দেখা গেছে, পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান সেখানে বসে হাসিল আদায়ের কার্যক্রম তদারকি করছেন। তিনি জানান, এই হাট ৩৫ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ইজারা হতো। এবছর পর পর ছয়বার দরপত্র আহবান করার পরও সরকারি মূল্যের চেয়ে ইজাদারগণ কম মূল্যের দরপত্র দাখিল করেছেন। যে কারণে পৌরসভার পক্ষ থেকে নিজেরাই এবার হাসিল আদায় করে পৌরসভার তহবিলে জমা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্ভেয়ার রোকন উদ্দিন জানিয়েছেন, এই হাটে এক লক্ষ টাকা পর্যন্ত গরুর ক্ষেত্রে ক্রেতার কাছ থেকে ৫০০ টাকা, আর বিক্রেতার কাছ থেকে ৫০০ টাকা আদায় করা হচ্ছে। দেড় লক্ষ টাকা পর্যন্ত দামের গরুর ক্ষেত্রে ক্রেতার কাছ থেকে ৭০০ টাকা, আর বিক্রেতার কাছ থেকে ৭০০ টাকা আদায় করা হচ্ছে। দেড় লক্ষ টাকার ওপরে হলে ক্রেতার কাছ থেকে এক হাজার টাকা, আর বিক্রেতার কাছ থেকে এক হাজার টাকা আদায় করা হচ্ছে।
এদিকে শহরতলির সতাল এলাকার এহসানুল হককে দেখা গেছে, শাহীওয়াল ও ফ্রিজিয়ান জাতের তিনটি বড় গরু নিয়ে এসেছেন। এর মধ্যে কালো রঙের কালো মানিকের দাম হাঁকছেন ছয় লক্ষ টাকা। লাল রঙের রাজা বাবুর দাম হাঁকছেন সাড়ে পাঁচ লক্ষ টাকা। আর লাল রঙের লালচাঁন নামে অপরটির দাম হাঁকছেন সাড়ে চার লক্ষ টাকা। তবে এগুলির কোন ওজন পরিমাপ করেননি। তিনি জানান, বাড়িতে আরও কয়েকটি বড় গরু আছে। শুক্রবারের হাটের অবস্থা দেখে পরের বাজারে সেগুলি নিয়ে আসবেন। তিনি বলেন, এখনও ঈদের পাঁচদিন বাকি। এখন কোরবানিদাতারা কেবল বাজার যাচাই করতে আসছেন। এখন বেশি আসছেন বাইরের পাইকাররা। তারা এখান থেকে গরু কিনে অন্যত্র নিয়ে লাভ করে বিক্রি করবেন। শহরতলির বয়লা এলাকার ক্রেতা লিটন মিয়া জানিয়েছেন, তিনি শুক্রবারের হাটে কেনাবেচার পরিস্থিতি দেখতে এসেছিলেন। ক্রেতা কম বলে ২২ মে শুক্রবার হাটে তুলনামূলক গরুর আমদানি কম হয়েছে। যে কারণে খামারি আর কৃষকরাও বাজারে তেমন গরু নিয়ে আসেননি বলে লিটন জানিয়েছেন। এবার ফসলহানি আর আর্থিক সঙ্কটের কারণে গরুর দাম তুলনামূলক কিছুটা কম বলেও জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা।