# নিজস্ব প্রতিবেদক :-
গত ২ মে করিমগঞ্জের জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের রিয়াদ রশিদ (২৮) নামে এক যুবক রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছিলেন। এবার করিমগঞ্জের আরেক যুবক একইভাবে নিহত হয়েছেন। তিনি করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের বাগপাড়া গ্রামের প্রয়াত হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৫)। তিনি ১৮ মে আগে আরও দু’জনসহ যুদ্ধ করতে গিয়ে তিনজনই মারা গেছেন বলে জানিয়েছেন তাঁর চাচাত ভাই ফরিদ মিয়া।
ফরিদ মিয়া জানিয়েছেন, জাহাঙ্গীর দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় ছিলেন। তিনি বিবাহিত ছিলেন। বাড়িতে দুই বছরের একটি ছেলে রয়েছে। তাঁর বাবা মারা গেছেন দুই বছর আগে। দরিদ্র পরিবারের হাল ধরার জন্য গত ৪ ফেব্রুয়ারি জাহাঙ্গীর রাশিয়ায় গিয়েছিলেন হোটেলের চাকরির আশায়। কিন্তু তাকে কয়েকদিন একটি শূকরের খামারে কাজ করিয়ে ঢোকানো হয় রাশিয়ার সেনাবাহিনীতে। গত ২ ফেব্রুয়ারি এরা বাংলাদেশের চারজন যুদ্ধে গিয়েছিলেন। এর মধ্যে তিনজন মারা গেছেন। জীবিত ফিরে টাঙ্গাইলের মৃদুল নামে একজন শুক্রবার বাড়িতে জাহাঙ্গীরের মৃত্যু সংবাদ জানিয়েছেন।
জাহাঙ্গীরের মৃত্যু সংবাদ পেয়ে বাড়িতে কান্নার রোল পড়েছে বলে জানিয়েছেন ফরিদ মিয়া, প্রতিবেশি বাবুল মিয়া ও নূরুল ইসলাম। তারা জানান, পরিবারটি একেবারেই গরিব। কোন সাহায্য সহযোগিতা না পেলে চলার মত অবস্থা নেই। ফলে স্থানীয় প্রশাসন ও সরকারের এ ব্যাপারে নজর দেওয়া উচিত বলে তারা মনে করেন। করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমাকে ফোন করলে বলেন, তাঁর এ ধরনের কোন ঘটনা জানা নেই। তবে তিনি খোঁজ নেবেন বলে জানিয়েছেন।