• রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন |
  • English Version

কোরবানির ঈদকে সামনে রেখে কামার পাড়ায় বেড়েছে ব্যস্ততা

# মোস্তাফিজ আমিন :-
কোরবানির ঈদকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরের কামার পাড়ায় বেড়েছে ব্যস্ততা। দগ্দগে গরম লোহায় হাতুড়ির আঘাতে চারদিকে ছড়িয়ে পড়ছে আগুনের স্ফুলিঙ্গ। তৈরি করছে ঝন্ ঝন্ দ্যোতনা। পরিশ্রমের ঘামে নেয়ে উঠছে কর্মকারের শরীর। ক্লান্তি-শ্রান্তি ভুলে কাজ নিয়ে ব্যস্ত তারা। দুটো বেশী টাকা রোজগারের আশায়।
সারা বছর কাজের মন্দা গেলেও, কোরবানির ঈদকে উপলক্ষ্য করে বেড়ে যায় তাদের তৈরি দা, বটি, চাকু-ছুরি, কুঁড়াল, তাসকাল, চাপাতির কদর ও চাহিদা। তাই বছরের আয়ের এই মৌসুমটাকে এতোটুকুও ছেঁড়ে দিতে নারাজ কামারশিল্পীরা। তাই এই বিরামহীন শ্রমের প্রতিযোগিতা।
জানাযায়, শহুরে কিংবা গ্রামীণ দৈন্দিন সংসার জীবনের গুরুত্বপূর্ণ কিছু অনুসঙ্গ তৈরির সাথে আবহমানকাল থেকে জড়িয়ে আছে কর্মকার সম্প্রদায়। এই অতিপ্রয়োজনীয় অনুসঙ্গগুলো হলো-দা, বটি, চাকু-ছুরি, কোদাল-খন্তি ইত্যাদি।
আধুনিক শিল্পায়নের যুগে নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যের পাশাপাশি কর্মকার শিল্পের তৈজসপত্রগুলোর অনেক জিনিস এখন দেশের কল-কারখানায় তৈরি হচ্ছে। আবার মুক্তবাজার অর্থনীতির কারণে আসছে ভারত, চীন, তাইওয়ানের মতো পরদেশ থেকেও।
ফলে সময়ের ব্যবধানে সুপ্রাচীন অনেক পেশার মতো কামারশিল্পটাও কোনোভাবে টিকে আছে বলা যায়। তবে সারাবছর কাজ-কর্ম খুব একটা না থাকলেও এই কোরবানির ঈদকে উপলক্ষ্য করে তাদের কর্মচাঞ্চল্য বেড়ে যায় কয়েকগুণ।
এই সময় কামারপাড়ায় ছুটে আসেন লোকজন। কেউবা আসেন নতুন করে কিছু তৈরি করতে। কেউবা আসেন পুরনোগুলিকে ঝালিয়ে নিতে বা শান দিতে।
তবে এইসব তৈজসপত্র তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার হওয়া লোহা, কয়লা ইত্যাদির দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া, মেশিনের তৈরি বিদেশী দ্রব্যের বাজার সয়লাব হয়ে পড়ায় বর্তমানে তাদের ব্যবসায় চরম মন্দা বিরাজ করছে বলে জানান কামারশিল্পীরা। এছাড়া চলতি বছর বিদ্যুতের চরম লোডশেডিং তাদের কাজকে ক্ষতির মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ তাদের।
এতোসব সংকটের মধ্যে সবচেয়ে বড় সংকট হলো অর্থনৈতিক। সিজনে দুটো টাকা রোজগারের আশায় বিভিন্ন এনজিও থেকে উচ্চ সুদে পূঁজি এনে সেগুলি পরিশোধেই তাদের সব মুনাফা চলে যায়। ফলে সংসার চালাতে আবারও নতুন ঋণ নিতে হয়। এই চক্রে শুধুই তাদের ঋণের ভার শক্ত হয়, নরম হয় পায়ের তলার মাটি।
তাই তাদের দাবি, সরকারি ব্যবস্থাপনায় সহজ শর্তে সিজনাল লোনের ব্যবস্থা থাকলে তারা খুব উপকৃত হতেন। সিজন শেষে সরকারি লোন শোধ করে দিতেন কাজ করে অর্জন করা লাভ থেকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *