• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ

বিএনপির নাম ভাঙিয়ে হুমকি, কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ

# মো. ঝুটন মিয়া :-
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তার তালিকা প্রণয়নকে কেন্দ্র করে প্রশাসনিক কর্মকর্তাকে হুমকি এবং অফিসের কম্পিউটার ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
৪ মে সোমবার দুপুরে কাস্তুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. এনায়েত উল্লা বাদী হয়ে অষ্টগ্রাম থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগে উল্লেখ করা হয়, দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য মানবিক সহায়তার তালিকা প্রস্তুতের কাজ চলছিল। এ সময় একই ইউনিয়নের মসজিদজাম এলাকার বাসিন্দা ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শরিফ রেজা চৌধুরী কয়েকজন কৃষকের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য প্রশাসনিক কর্মকর্তার ওপর চাপ প্রয়োগ করেন।
প্রশাসনিক কর্মকর্তা বিষয়টি নিয়মবহির্ভূত হওয়ায় তাতে সম্মতি না দিলে শরিফ রেজা চৌধুরী উত্তেজিত হয়ে হুমকি দেন বলে অভিযোগে বলা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি উচ্চস্বরে বলেন “বিএনপি কী জিনিস চিনস? সব কয়টারে লাথি দিয়া পরিষদ থেইকা বাইর কইরা তালা দিমু।”
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. ফারুক ভূঁইয়া প্রতিবাদ জানান। অভিযোগ রয়েছে, এতে আরও ক্ষিপ্ত হয়ে শরিফ রেজা চৌধুরী প্রশাসনিক কর্মকর্তার কক্ষে থাকা একটি কম্পিউটার আছড়ে ভেঙে ফেলেন। এতে কৃষকদের সহায়তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
কাস্তুল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসিন মিয়া বলেন, “আমরা বাইরের এলাকা থেকে এসে এখানে দায়িত্ব পালন করছি। প্রায়ই বিভিন্ন ধরনের চাপের মুখে পড়তে হয়। অনেক সময় প্রতিবাদ করাও কঠিন হয়ে পড়ে। ঘটনার পর বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
প্যানেল চেয়ারম্যান মো. এনায়েত উল্লা বলেন, “অভিযুক্ত ব্যক্তি অতীতেও একাধিকবার এ ধরনের আচরণ করেছেন। সর্বশেষ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছি। প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে বলে আশা করছি।”
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ বলেন, “শরিফ রেজা চৌধুরী প্রায় ২০ বছর আগে ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে বিএনপি বা এর কোনো অঙ্গসংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। ব্যক্তিগতভাবে কেউ কোনো অপকর্ম করলে তার দায় দল নেবে না। বরং দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
অভিযুক্ত শরিফ রেজা চৌধুরীর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা বলছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা বণ্টনের মতো স্পর্শকাতর বিষয়ে কোনো ধরনের প্রভাব বিস্তার প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করতে পারে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *